ডিসেম্বরে শেখ হাসিনা ফিরছেন
নভেম্বরেই দেশে ফিরবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা?
বাংলাদেশ ইনসাইডার্স | নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরবেন—একইসঙ্গে নভেম্বরের মধ্যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশনা রয়েছে বলে জানা গেছে।
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সে অনুযায়ী নভেম্বরেই নেতাকর্মীদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে। ডিসেম্বর মাসে বিমানবন্দরে গিয়ে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা নিয়েও নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
তবে শেখ হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট সময়সূচি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
নভেম্বরের আগেই কমিটি গঠনের তাগিদ
এদিকে দল পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে নভেম্বরের আগেই বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি গঠনে পারিবারিক পরিচয়, আত্মীয়তার সম্পর্ক কিংবা ব্যক্তিগত প্রভাবকে প্রাধান্য না দিয়ে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
যারা কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, যাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট বা অগ্নিসংযোগের শিকার হয়েছে এবং যারা পরিবারের সদস্য হারিয়েছেন—কমিটিতে তাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
গ্রুপিংয়ের ঊর্ধ্বে থেকে সংগঠনের নির্দেশনা
সংগঠনের ভেতরে গ্রুপিং ও বিভেদ বন্ধের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ব্যক্তিগত গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সংগঠনের জন্য কাজ করতে পারবেন, তাদেরই সাংগঠনিক দায়িত্বে আনার কথা বলা হয়েছে।
একইসঙ্গে সংগঠনে অভ্যন্তরীণ গোলমাল বা বিভেদ সৃষ্টি করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে অন্যের বাড়িঘর বা জমি দখলে রাখার অভিযোগ রয়েছে—এমন বিরোধী দলিয় নেতাকর্মীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা বলা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
যেসব ব্যক্তি বাড়িঘর বা জায়গা দখল করে রেখেছেন, তাদের সেসব দখল ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।