📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৬ অক্টোবর, ২০২৬ ০৬:৪২

১৬ কোটি টাকার সড়কবাতি চুরি, অন্ধকারে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোড; বাড়ছে অপরাধ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স

 

ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা সড়কবাতির বড় একটি অংশ চুরি ও অচল হয়ে পড়ায় রাতের বেলায় সড়কের বিভিন্ন অংশ ডুবে থাকছে অন্ধকারে। এতে বাড়ছে দুর্ঘটনা, ছিনতাই ও চুরির ঝুঁকি।

 

প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই সড়কে ৭৪৮টি আধুনিক সড়কবাতি স্থাপন করা হয়েছিল। ২০২৫ সালে বাতিগুলো চালু হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার ও বাতি চুরির অভিযোগ ওঠে। একাধিকবার তার প্রতিস্থাপন করা হলেও ফের চুরির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

স্থানীয়দের অভিযোগ, সড়কের অন্ধকার অংশগুলোতে রাতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শিবু মার্কেট, জালকুড়ি ও কড়ইতলাসহ বিভিন্ন অংশে সড়কবাতি না থাকায় ছিনতাইসহ নানা অপরাধের আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে অন্ধকারের কারণে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

 

লিংক রোডের আশপাশে জেলা প্রশাসকের কার্যালয়, আদালত, পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ, পাসপোর্ট অফিস, কারাগারসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি রয়েছে অসংখ্য শিল্পকারখানা ও গার্মেন্টস। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই সড়ক ব্যবহার করেন।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, চুরিপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রায় ৮ কিলোমিটার সড়ক পুরোপুরি সিসিটিভির আওতায় আনা কঠিন হলেও সমস্যার সমাধানে কার্যক্রম চলছে বলে জানান তিনি।

 

স্থানীয়দের দাবি, শুধু চুরি হওয়া বাতি ও তার প্রতিস্থাপন নয়—চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, নিয়মিত নজরদারি এবং দ্রুত পুরো সড়ক আলোকিত করার কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি কেন বারবার চুরির শিকার হচ্ছে, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

শেয়ার করে অন্যদের জানান