১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, কর্ণফুলীতে শ্রমিকদল নেতা গ্রেপ্তার
বাংলাদেশ ইনসাইডার্স | চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবদুল গফুর প্রকাশ বরাইয়া (৫৫) নামে এক শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জুলধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের নেতা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জুলধা পাইপের ঘোড়া বাজার এলাকায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে জোরপূর্বক বলাৎকার করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির পরিবার কর্ণফুলী থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা ও কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
শিশুর প্রতি যৌন নিপীড়নের এ অভিযোগের তদন্ত চলছে। অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।