📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৫ অক্টোবর, ২০২৬ ১০:০৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: দল-অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে বিএনপি-জামায়াতকে টিআইবির আহ্বান

বাংলাদেশ ইনসাইডার্স | রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, রোববার রাতে রাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। হামলা ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, হামলার শিকার সাংবাদিক ও শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী, সহযোগী ও পৃষ্ঠপোষকদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু তাদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং জনগণের তথ্য জানার অধিকার ও ক্ষমতাবানদের জবাবদিহির সুযোগও সংকুচিত করে।

টিআইবি বলেছে, দল ও অঙ্গসংগঠনের সহিংস কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিএনপি ও জামায়াতে ইসলামীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু তদন্ত কমিটি বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সহিংসতার প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রাবির পরিস্থিতিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে টিআইবি বলেছে, ক্যাম্পাসে প্রভাব বিস্তার, সহিংসতা ও পেশিশক্তির প্রদর্শন বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে সামনে এনেছে।

বিশ্ববিদ্যালয় পরিচালনায় দলীয় প্রভাবের পরিবর্তে আইন ও বিধি অনুসরণের ওপর জোর দিয়েছে টিআইবি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ব্যর্থতার কারণ অনুসন্ধান করে দায় নির্ধারণ এবং রাজনৈতিক পরিচয় যেন কোনো অপরাধের সুরক্ষাকবচ না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করে অন্যদের জানান