সংস্কারের নামে চলছে তামাশা? ধানমন্ডি লেকে ক্রেন বসিয়ে পানি উত্তোলন
নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ ইনসাইডার্স
রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন ও সংস্কারকাজ শুরু হয়েছে। লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের পাশাপাশি পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা রয়েছে।
তবে সংস্কারকাজের শুরুতেই লেকের ওপর ক্রেন বসিয়ে পানি উত্তোলনের দৃশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। সরেজমিনের এমন দৃশ্য দেখে অনেকের প্রশ্ন—লেকের আধুনিকায়নের নামে বাস্তবে কাজের ধরন ও ব্যবস্থাপনা কতটা পরিকল্পিত?
ডিএসসিসির তথ্য অনুযায়ী, ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ অপসারণের পরিকল্পনা রয়েছে। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননকাজ। এ কাজে দুটি ভাসমান এক্সকাভেটর ও চারটি বার্জ ব্যবহারের কথা জানিয়েছে সংস্থাটি।
এদিকে লেক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে ৫০ কোটি এবং ‘নজরুল সরোবর’ নির্মাণে ২৫ কোটি টাকা—মোট ৭৫ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংস্কারের নামে বড় অঙ্কের অর্থ ব্যয়ের এই উদ্যোগে কাজের স্বচ্ছতা, পরিবেশগত প্রভাব এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন নগরবাসী।
প্রশ্ন একটাই—সংস্কার কি সত্যিই লেককে নতুন জীবন দেবে, নাকি প্রশ্ন থেকেই যাবে ব্যবস্থাপনার ধরন নিয়ে?