বিসিবির কাভার্ডভ্যান থেকে উধাও ৮ লাগেজ, পাসপোর্ট-আইফোন-৩ লাখ টাকা, বিপাকে ক্রিকেটাররা
বাংলাদেশ ইনসাইডার্স | খেলা
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ শেষে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বড়সড় বিপাকে পড়েছেন রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যানে থাকা ৫৪টি লাগেজের মধ্যে আটটি নিখোঁজ হয়েছে। এসব লাগেজে ক্রিকেটারদের পাসপোর্ট, আইফোন, মার্কিন ডলার, নগদ টাকা ও মূল্যবান ক্রীড়াসামগ্রী ছিল।
বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় বিষয়টি সামনে আসে। পরে ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। নিখোঁজ লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে।
অভিযোগ অনুযায়ী, ক্রিকেটার মেহেরাব হোসেনের লাগেজে ছিল একটি আইফোন ১৫ প্রো-ম্যাক্স, ব্যক্তিগত পাসপোর্ট, ৩০০ মার্কিন ডলার, নগদ ৩ লাখ টাকা এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি পারফিউম। এ ছাড়া অন্য ক্রিকেটারদের লাগেজে ছিল মূল্যবান খেলার সরঞ্জাম, জুতা, স্পিকার ও পোশাক।
কাভার্ডভ্যানের চালক সজীব হোসেনের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া বাইপাসের একটি হোটেলে খাবারের বিরতি নেন তিনি। পরে বুধবার ভোরে পুঠিয়া এলাকায় গাড়ির পেছনের পাল্লা খোলা দেখতে পান। রাজশাহীর হোটেলে পৌঁছে লাগেজ গণনার সময় আটটি ব্যাগ নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হয়।
রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক জানিয়েছেন, এ ঘটনায় পুরো দল বিব্রত ও মর্মাহত।
আগামী ১৮ অক্টোবর চট্টগ্রাম বিভাগের বিপক্ষে রাজশাহী দলের পরবর্তী ম্যাচ নির্ধারিত রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাসপোর্ট ও প্রয়োজনীয় সরঞ্জাম হারিয়ে উৎকণ্ঠায় পড়েছেন ক্রিকেটাররা।