দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
বাংলাদেশ ইনসাইডার্স | অর্থ-বাণিজ্য
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমেছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এর আগে সোমবার একই পরিমাণ স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।