শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, কুষ্টিয়ায় স্কুলশিক্ষককে গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। এ সময় সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। পরে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শিক্ষক মন্তব্য করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়ে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একটি অংশ জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
প্রধান শিক্ষকের ভাষ্য অনুযায়ী, শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তাঁর বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন মন্তব্য তিনি করেছেন বলে প্রধান শিক্ষক জানান।