📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৩ অক্টোবর, ২০২৬ ১০:৪২

ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে বাবা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স

নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা ছেলে সাব্বির আহমদকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাঁর বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আব্দুল মান্নান ও তাঁর ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সাব্বির আহমদ চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সম্প্রতি সোনাইমুড়ীতে আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে সোনাইমুড়ী থানায় যান আব্দুল মান্নান। পরে পুলিশ তাঁকেও গ্রেপ্তার করে।

পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে এর আগে থানায় কোনো মামলা ছিল না। তবে পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, বাবা ও ছেলেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শেয়ার করে অন্যদের জানান