📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
৫ অক্টোবর, ২০২৬ ১৫:২৩

এনসিটি ইজারা হলে ৮ অক্টোবর চট্টগ্রাম বন্দর বন্ধের হুঁশিয়ারি

বাংলাদেশ ইনসাইডার্স ডেস্ক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছেন বন্দর রক্ষা আন্দোলনের নেতারা। দাবি বাস্তবায়ন না হলে আগামী ৮ অক্টোবর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক ভবনের সামনে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা আসে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, এনসিটির মতো দেশের গুরুত্বপূর্ণ ও কৌশলগত অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনারও দাবি জানান তারা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, আগামী ৮ অক্টোবর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার বিষয়ে চুক্তি হতে পারে বলে তারা জানতে পেরেছেন। চুক্তি হলে এর প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।

বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব ফজলুল কবির বলেন, অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোর মতো চ্যালেঞ্জের সময়ে দেশের কৌশলগত অবকাঠামো দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার প্রয়োজনীয়তা সরকারকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে।

এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা বন্দর চেয়ারম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তারা বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি জানান।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত ঘোষণা দেন, দাবি আদায়ে আগামী ১৩ অক্টোবর চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করা হবে।

এর আগে গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে রেয়াতি চুক্তির খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়। এরপর থেকেই এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলন জোরালো হয়েছে।

শেয়ার করে অন্যদের জানান