৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনড় শ্রমিকরা, রাজপথ না ছাড়ার ঘোষণা
বাংলাদেশ ইনসাইডার্স | শ্রমিক আন্দোলন
নতুন করে ৯ দফা দাবি উত্থাপন করেছেন আন্দোলনরত শ্রমিকরা। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।
শ্রমিকদের নতুন ৯ দফা দাবি হলো—
০১। নিহত শ্রমিক তৌফিক হত্যায় জড়িতদের আটক করে সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচার ও গ্রেপ্তার নিয়ে কোনো ধরনের নাটক মঞ্চস্থ করা যাবে না।
০২। শ্রমিকদের ন্যায্য আন্দোলনে বলপ্রয়োগকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শনাক্ত করে তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে।
০৩। শ্রমিকদের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নন, এমন বিভিন্ন রাজনৈতিক দলের যেসব সদস্য লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে রাজপথে অবস্থান নিয়েছিলেন, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।
০৪। শ্রমিকদের মাসিক বেতন ৩০ হাজার টাকার এক টাকাও কম নির্ধারণ করা যাবে না। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন বেতন কার্যকর করতে হবে।
০৫। মাতৃত্বকালীন ছুটি ১২০ দিনের পরিবর্তে ছয় মাস করতে হবে এবং আগের মতো আর্থিক সুবিধা বহাল রাখতে হবে। ছুটি শুরুর আগেই সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।
০৬। শ্রমিকদের ব্ল্যাকলিস্ট করা বন্ধ করতে হবে।
০৭। শ্রম আইন অনুযায়ী ২৩৪ ধারায় প্রতিষ্ঠানের লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের মধ্যে বণ্টনের বিধান কার্যকর করতে হবে। এক্সপোর্ট ওরিয়েন্টেড কারখানাগুলোকে দেওয়া এ-সংক্রান্ত অব্যাহতি বাতিল করতে হবে। বিগত অর্থবছরের লভ্যাংশ ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে পরিশোধ করতে হবে।
০৮। শ্রম আইন থেকে ১৩ নম্বর ধারা বাতিল করতে হবে। শ্রমিকরা ধর্মঘটে গেলে মালিকপক্ষের ইচ্ছামতো কারখানা বন্ধ করে দেওয়ার সুযোগ বন্ধ করতে হবে, যাতে শ্রমিকরা বেতন-ভাতা থেকে বঞ্চিত না হন।
০৯। ১২০ দিনের বেসিক বেতন দিয়ে নোটিশ পে-এর মাধ্যমে শ্রমিকদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া বন্ধ করতে হবে। চাকরিচ্যুতির বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
শ্রমিকদের দাবি, এসব ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং রাজপথ ছাড়বেন না।