📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৯

ডেঙ্গুতে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের চিকিৎসক ডা. আঁচল রায়

বাংলাদেশ ইনসাইডার্স | ঢাকা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও ৪২তম বিসিএসের চিকিৎসক ডা. আঁচল রায়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার স্বামী বিপ্লব চন্দ্র দাস জানান, কয়েক দিন ধরে বাসায় চিকিৎসা নেওয়ার পর আঁচলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেলে তাকে স্কয়ার হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয়। পরে আইসিইউতে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মাত্র ৩০ বছর বয়সী ডা. আঁচল রায় চিকিৎসা পেশায় একজন উদীয়মান মুখ ছিলেন। তিনি ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এমআরসিপি (যুক্তরাজ্য) পার্ট-১ পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছিলেন। প্রায় ১৭ মাস আগে বিপ্লব চন্দ্র দাসের সঙ্গে তার বিয়ে হয়।

ডা. আঁচলের কর্মস্থল ছিল মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি তিনি নিউরোলজি বিভাগ থেকে রেসপিরেটরি মেডিসিন বিভাগে সংযুক্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২২৫ জনে পৌঁছেছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই প্রাণ হারিয়েছেন ১২৮ জন, যা এ বছরের সর্বোচ্চ মাসিক মৃত্যু।

শেয়ার করে অন্যদের জানান