পূর্বাচলে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মা ও স্ত্রীর মৃত্যু
বাংলাদেশ ইনসাইডার্স | ঢাকা
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন পুলিশের ৩৭তম ব্যাচের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের স্ত্রী আফরোজা আক্তার এবং তার মা। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এসআই মেহেদীর মাকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত আফরোজা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এসআই মেহেদী হাসান জানান, রাতে তার মা ও স্ত্রী একসঙ্গে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। তাদের বাড়ি ঢাকার কদমতলী থানার শ্রীধারা এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে আফরোজা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।