📅 Loading... | লোড হচ্ছে... | লোড হচ্ছে...

Bangladesh Insiders

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
তারিখ সিলেক্ট করুন
১২ অক্টোবর, ২০২৬ ১৩:৫২

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ইউনূসের নাম বাদ, আয়োজকদের ভাষ্য ‘স্বাস্থ্যগত কারণ’

বাংলাদেশ ইনসাইডার্স | আন্তর্জাতিক

জার্মানির বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, স্বাস্থ্যগত কারণে তিনি সম্মেলনে অংশ নিচ্ছেন না। তবে সম্মেলনে তাঁর অংশগ্রহণ নিয়ে ইউরোপের কয়েকটি সংগঠনের আপত্তি ও পুনর্বিবেচনার দাবিও আলোচনায় ছিল।

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রোববার শুরু হওয়া তিন দিনের ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এর এবারের প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। এতে বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের ওয়েবসাইটে বক্তা হিসেবে মুহাম্মদ ইউনূসের নাম প্রকাশ করা হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে সম্মেলনের যোগাযোগ দলের পক্ষে আনা স্টোরমার ইমেইলে জানান, স্বাস্থ্যগত কারণে ইউনূস তাঁর অংশগ্রহণ বাতিল করেছেন।

এদিকে বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সম্মেলনে ইউনূসের অংশগ্রহণ পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল ইউরোপভিত্তিক কয়েকটি সংগঠন। তাদের অভিযোগ, বাংলাদেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রশ্ন উঠেছে। বিষয়গুলো স্বাধীনভাবে পর্যালোচনার আগে ইউনূসকে বিশেষ বক্তা হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় তারা।

এ বিষয়ে কয়েকটি সংগঠন সম্মেলন কর্তৃপক্ষের কাছে পিটিশনও জমা দিয়েছিল। তবে সফর বাতিলের কারণ হিসেবে আয়োজকেরা স্বাস্থ্যগত বিষয় উল্লেখ করেছেন; সংগঠনগুলোর আপত্তির সঙ্গে সিদ্ধান্তটির সরাসরি যোগসূত্র নিশ্চিত করা হয়নি।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানেরও একটি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে বলে সম্মেলনের ওয়েবসাইটে জানানো হয়েছে।

শেয়ার করে অন্যদের জানান