মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর:ঃ অভিযানে গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ ইনসাইডার্স
ঢাকা | শনিবার
রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ স্বাস্থ্যকেন্দ্র ও কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্তের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অর্থের বিনিময়ে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচ-এর একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয়। হামলার পর ঘটনাস্থলের সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ নামের একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, ভাঙচুরের সময় অফিসের মূল্যবান মালামাল ও টিকাদান কর্মসূচির বিপুল পরিমাণ সামগ্রী লুট করা হয়েছে।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ প্রায় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার প্রায় পাঁচ দশক ধরে সরকারের অংশীদারত্বে দরিদ্র মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে বলে প্রতিষ্ঠানটির দাবি।