নিখোঁজের ৩ দিন পর শালবনে মিলল গার্মেন্টস কর্মকর্তার মরদেহ
বাংলাদেশ ইনসাইডার্স | গাজীপুর
গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর কালিয়াকৈরের একটি গভীর শালবন থেকে মশিউর রহমান (৫০) নামে এক পোশাক কারখানার কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মশিউর রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে রাজেন্দ্রপুরে ভাড়া বাসায় থাকতেন এবং কালিয়াকৈরের একটি গার্মেন্টসে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের বরাতে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি তিনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি ছাগল চরাতে গিয়ে শালবনের ভেতরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া মরদেহের পাশ থেকে একটি লাল টি-শার্ট ও কীটনাশকের বোতলও জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের সূত্র ধরেই তার পরিচয় নিশ্চিত করা হয়।
কালিয়াকৈর থানার অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।