পিবিআই–সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
বাংলাদেশ ইনসাইডার্স | চট্টগ্রাম
পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।
গ্রেপ্তার হওয়া মো. মোজাম্মেল হক কবির (৫০) নোয়াখালীর সুধারাম উপজেলার গৌরীপুর খরিফার হাট এলাকার বাসিন্দা।
পিবিআই জানায়, চক্রটি চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করে নিজেদের তদন্ত কর্মকর্তা পরিচয় দিত। পরে মামলায় অনুকূল প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিয়ে গাড়ি ভাড়া ও তদন্ত ব্যয়ের নামে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা আদায় করত।
এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাউজান থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নোয়াখালীর সুধারাম এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক ডিভাইসও জব্দ করা হয়েছে।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করায় চক্রটিকে শনাক্ত করা কঠিন ছিল। তবে গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে মূলহোতার অবস্থান নিশ্চিত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তার সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পিবিআই জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।