কুবিতে লাইব্রেরি কেন্দ্রিক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ১০
বাংলাদেশ ইনসাইডার্স | কুমিল্লা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে বসা ও উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, প্রধান ফটক, প্রকৌশল অনুষদ ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে লাঠিসোঁটাও দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় লাইব্রেরিতে আইসিটি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কথাকাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি প্রক্টর কার্যালয়ে মীমাংসা হলেও পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আবার দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান খান জানান, আহত ১০ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপাচার্য অধ্যাপক এম এম শরিফুল করীম বলেন, প্রাথমিক বিরোধের সমাধান করা হলেও পরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। প্রক্টর অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন জানান, সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের অভ্যন্তরীণ বিরোধ থেকে ঘটেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।