গোপালগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো বিএনপি ও যুবদলের দলীয় কার্যালয়!
নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ ইনসাইডার্স
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও জাতীয়তাবাদী যুবদলের একাধিক দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার, কুশলী ও বর্ণি বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, নিলফা বাজারে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে বর্ণি বাজারে যুবদলের কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া বিএনপি নেতাকর্মীদের মালিকানাধীন কয়েকটি দোকানেও হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জানার কথা জানিয়েছেন।
অন্যদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানিয়েছেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।