চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মাদক মামলায় আটক ১০৭
বাংলাদেশ ইনসাইডার্স | চট্টগ্রাম
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে মোট ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় এ তথ্য জানায়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৭ জন, পূর্ববর্তী মামলায় ৭২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩০ জনকে আটক করা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত ১২৩ জন এবং সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে মোট ১০৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬১ জনকে মাদকসেবী হিসেবে এবং ৪৬ জনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের দাবি।
এ ঘটনায় ৩১টি মাদক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ১২ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১৪ হাজার ১৯৪টি ইয়াবা, প্রায় ৩৮ কেজি গাঁজা, ৩৩৫ লিটার চোলাই মদ এবং দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।