শনিবার গাজীপুরের বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
গাজীপুর প্রতিনিধি | বাংলাদেশ ইনসাইডার্স
২৬ সেপ্টেম্বর ২০২৬
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কড্ডা গ্রিডের এল-১৪ নম্বর ৩৩ কেভি ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে—কোনাবাড়ী হাউজিং, কোনাবাড়ী বাজারের দক্ষিণ অংশ, পারিজাত, আমতলী রোড, রাজাবাড়ী, বাইমাইল, মেঘের ছায়া, নামাপাড়া, নতুন বাজার, কুদ্দুসনগর ও জরুনের আংশিক এলাকা।
এ ছাড়া নছের মার্কেট অভিযোগ কেন্দ্রের আওতাধীন মিতালী ক্লাব, চায়না মার্কেট, ঢালাই ফ্যাক্টরি, বাঘিয়া, প্রতাপপুর, জয়েরটেক, আমবাগ পূর্বপাড়া, শামসুল মেম্বারের মোড়, বোর্ডঘর, খোলাপাড়া, মেঘলাল ও কালেরভিটাসহ আশপাশের এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।