অপ্রতিম হত্যাঃ কুবি শিক্ষকের সন্তানের মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন কুমিল্লা প্রতিনিধি |বাংলাদেশ ইনসাইডার্স ২৫ সেপ্টেম্বর ২০২৬ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছে জেলা পুলিশ। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদকে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, মামলাটির প্রাথমিক তদন্ত শুরু করেছিলেন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তবে পুলিশ সুপারের কার্যালয়ের নির্দেশে তদন্তভার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই মামলার সব নথিপত্র আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে। এ বিষয়ে রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপারের দপ্তর থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ এসেছে। প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পরই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে এবং দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের চেষ্টা থাকবে। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোনে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ ও অপ্রতিমের মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান (১৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ফাহাদ ও কামরুলকে আদালতের নির্দেশে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অপরদিকে তুহিন ও সন্দেহভাজন সিয়াম (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছে।